এপিএস ফারুকের ব্যাংক হিসাব বন্ধই থাকবে
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস মো. ওমর ফারুক তালুকদারের একটি ব্যাংক হিসাবের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ফারুকের ওই ব্যাংক হিসাব চালুর আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেয়।
এর আগে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক গত ৯ মে মার্কেন্টাইল ব্যাংকে থাকা ফারুকের ওই হিসাব লেনদেনের জন্য উন্মুক্ত করে দেন। পরে ওই হিসাবের কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে হাই কোর্ট। ওই হিসাবে ৯০ লাখ ৯৭ হাজার টাকা রয়েছে, যার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।
এই টাকাসহ মোট এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ১৪ অগাস্ট ফারুকের বিরুদ্ধে মামলা করে দুদক।
অ্যাকাউন্ট উন্মুক্তের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনে গত মে মাসেই হাই কোর্ট অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওই অ্যাকাউন্ট চালুর ওপর নিষেধাজ্ঞা দেয়। এখন রায়ে সেই আদেশই বহাল রাখা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকে থাকা ওই টাকা সম্পর্কে দুদকে দেয়া সম্পদের হিসাব বিবরণীতে ওমর ফারুক জানায়, আত্মীয় ও বন্ধুদের কাছ থেকে ঋণ, স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রির অর্থ, কৃষি ও মৎস্য থেকে আয় এবং অন্যান্য উৎস থেকে তিনি এই অর্থ সংগ্রহ করেছেন।
তবে ফারুকের এই দাবির সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে দুদক তার বিরুদ্ধে মামলা করে।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং ফারুকের পক্ষে আইনজীবী নিতাই রায় চৌধুরী শুনানি করেন।
