২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরআন তেলাওয়াতে সেরা বাংলাদেশি সাকিব

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর নাজমুল সাকিব প্রথম হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 02:10 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক খালিজ টাইমস জানায়, দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় তেলাওয়াতে ১২ বছর বয়সী সাকিব সবচেয়ে সুন্দর কণ্ঠ নির্বাচিত হন।

এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৯০ জন অংশ নেয়। চূড়ান্ত  পর্বে প্রতিযোগিতায় আসে ১৩ জন। শনিবার সুন্দর কণ্ঠ বিভাগে প্রতিযোগিতার এ চূড়ান্ত পর্ব হয়।

এ পর্বে সংযুক্ত আরব আমিরাত, মিশর, ক্যামেরুন, নেদারল্যান্ডস, উগান্ডা, ইয়েমেন, আফগানিস্তান, নাইজার, বাহরাইন, তাজিকিস্তান, ফ্রান্স ও ইন্দোনেশিয়ার প্রতিযোগীকে টপকে সেরা তেলাওয়াতের পুরস্কার জেতেন সাকিব।

এ প্রতিযোগিতায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে ইয়েমেন, মিশর, ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের চার কিশোর।

তেলাওয়াতে প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে সাকিবকে দেয়া হবে পাঁচ হাজার দিরহাম।

প্রতিযোগিতায় বিচারকরা কণ্ঠস্বর, শুদ্ধতা, সুর, যথাসময়ে বিরতি এবং  তেলাওয়াতের অন্যান্য নিয়ম অনুসরণ ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব দেন।

সোমবার ১৭তম দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড (ডিআইএইচকিউএ) ঘোষণা করা হবে।  এদিনই পুরস্কার তুলে দেয়া হবে বিজয়ীদের হাতে।

এ বছর ইসলামিক পারসনালিটি অব দ্য ইয়ার পুরস্কার পাবেন ভারতের ধর্ম প্রচারক ও বক্তা জাকির নায়েক।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৃষ্ঠপোষকতায় ১১টি ক্যাটাগরিতে দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড দেয়া হয়।

দুবাই কালচার অ্যান্ড আর্টস অথোরিটির চেয়ারম্যান শেখ মাজিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।