বিচ্ছু জালালের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবিরের ওপর প্রসিকিউশনের সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালালের হামলার অভিযোগ মুখ্য মহানগর হাকিমকে তদন্ত করে দেখতে বলেছে ট্রাইব্যুনাল।
আগামী ৫ সেপ্টেম্বর এ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে হবে।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এ আদেশ দেয়।
ট্রাইব্যুনাল গত ২১ জুলাই এ বিষয়ে জালালকে সতর্ক করে দেয়ার পরদিন তিনি আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। একইসঙ্গে নিজের আইনজীবী মোহসেন রশীদের অপসারণ চেয়েও আবেদন করেন তিনি।
ওই দিনই আবেদনটি গ্রহণ করে ২৯ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
সোমবার জালালের নতুন আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিকী শুনানিতে বলেন, যেহেতু হামলার কোনো ঘটনার সঙ্গে তার মক্কেল জড়িতই ছিলেন না, তাই তাকে সতর্ক করে দেয়ার কোনো কারণ নেই।
তিনি আরো বলেন, এ ঘটনা ট্রাইব্যুনালের এক্তিয়ারের ভেতরে পড়ে কি না তাও বিবেচ্য বিষয়, কেননা যেখানে ঘটনা ঘটেছে বলা হচ্ছে, তা অনেক দূরের স্থান। এ ঘটনা ট্রাইব্যুনালকে সরাসরি আঘাত করেনি।
এ সময় বিচারক বলেন, যেহেতু একজন ‘অফিসার অব দি কোর্টের’ ওপর হামলা হয়েছে, এটি দূরবর্তী কোনো বিষয় নয়, এটি ট্রাইব্যুনাল আমলে নিতে পারে।
পরে মুন্সী আহসান কবিরের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, যেহেতু একটি অভিযোগ উঠেছে, সুতরাং সংশ্লিষ্ট যে কোনো একপক্ষ অসত্য বক্তব্য দিচ্ছে। এ ব্যাপারে সত্য উদ্ঘাটনে ট্রাইব্যুনালের তদন্ত করা উচিত।
এক পর্যায়ে ব্যারিস্টার রাজ্জাক বলে উঠেন, “বিচ্ছু জালাল এমন কী ক্ষমতাবান হয়ে পড়ল যে সে ট্রাইব্যুনালের আদেশ বদলে ফেলতে পারছে।”
এ বক্তব্যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে বলেন, “আপনি একজন সিনিয়র আইনজীবী। আপনার কাছ থেকে আমরা এরকম বক্তব্য আশা করি না।”
তখন ব্যারিস্টার রাজ্জাক নিজেকে সামলে নিয়ে বলেন, “আই অ্যাম সো সরি।”
এরপর ঘটনার তদন্তের আদেশ দেয় ট্রাইব্যুনাল।
মুন্সী আহসান কবির গত ২৭ মে তার ওপর বিচ্ছু জালালের হামলার এই অভিযোগ আনেন ট্রাইব্যুনালে।
৩০ জুন জালালের আইনজীবী মোহসেন রশীদ বলেন, হামলার যে ঘটনার কথা বলা বলা হচ্ছে, তা দুই মাস আগের। ওই সময় ঘটনাস্থলের এলাকায় জালাল যাননি। এই অভিযোগ সম্পূর্ণ সাজানো।
বিচ্ছু জালালের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত ২৬ মে সেগুনবাগিচায় নূর মসজিদের সামনে আহসান কবিরের ওপর হামলা চালান জালাল ও তার সহযোগীরা।
গত বছরের ২০ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জালাল। পরে মুন্সী আহসান কবির তাকে জেরা করেন।
