প্লট-ফ্ল্যাট কেনার আইনের দুটি ধারা নিয়ে প্রশ্ন
বেসরকারি আবাসন প্রতিষ্ঠান থেকে প্লট ও ফ্ল্যাট কেনা সংক্রান্ত আইনের দুটি ধারা নিয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৩৬ ধারা সংবিধানের ২৭, ৩১ ও ৪২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
একইসঙ্গে সুনির্দিষ্ট প্রতিকার আইন ২১ (ক) ধারাটিও কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল হালিমের করা আবেদনে রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
আইন সচিব, ডোমিনো ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান, ডেল্টা-ব্র্যাক হাউজিং লিমিটেড ও তেজগাঁও ভূমি রেজিস্ট্রেশন অফিসের রেজিস্ট্রারকে আগামী ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ব্যারিস্টার হালিমের অভিযোগ, ২০০৮ সালে ডোমিনো ডেভেলপমেন্ট লিমিটেডের কাছ থেকে ৪৮ লাখ টাকায় ফ্ল্যাট কিনে তাদেরকে সব পাওনা বুঝিয়ে দেয়ার পরও তাকে তা রেজিস্ট্রেশন করে দেয়া হচ্ছে না।
ফ্ল্যাটের দাম পরিশোধের পরও আইন অনুযায়ী কেন তা রেজিস্ট্রেশন করে দেয়া হবে না, আদালত তার ব্যাখ্যা চেয়েছে বেসরকারি এই আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে। এজন্য তাদের সময় দেয়া হয়েছে দুই সপ্তাহ।
আদালতে নিজের আবেদনের পক্ষে শুনানি আব্দুল হালিমই করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
আব্দুল হালিম বলেন, ২০০৮ সালে ডোমিনোর কাছ থেকে ৪৮ লাখ টাকায় একটি ফ্ল্যাট কেনেন তিনি।
“তাদেরকে সব পাওনা বুঝিয়ে দেয়ার পরেও তারা আমাকে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করে দিচ্ছে না।”
