দুই ভাইকে হত্যা: বড় ভাইয়ের আত্মসমর্পণ
চট্টগ্রামের রাউজানে সহোদর দুভাইকে খুনের ঘটনায় আদালতে আত্মসমর্পণ করেছেন বড়ভাই আবুল কালাম আজাদ।
রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে তিনি আত্মসর্মণ করে জামিনের আবেদন করেন।
বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজত চেয়ে সোমবার আদালতে আবেদন করা হবে।
গত ২২ জুলাই সকালে রাউজানের সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজী বাড়িতে ছোট ভাই আবু সুফিয়ান আজাদ ও আবু মোর্শেদ আজাদকে কুপিয়ে হত্যা করে আবুল কালাম আজাদ।
এই ঘটনায় আবু সুফিয়ানের স্ত্রী ইসমত আরা নাসরিন বাদী হয়ে ভাসুর কালাম ও তার সহযোগী তৌহিদুল আলমকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন।
খুনের ঘটনার পর থেকেই কালাম পলাতক ছিলেন।
