২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্পিত সম্পত্তি আইন সংশোধন অথবা বাতিল করুন’

অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন অথবা বাতিলের দাবি করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 08:17 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

শনিবার কিশোরগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ আইনের খ ও গ অনুচ্ছেদ ত্রুটিপূর্ণ এবং হিন্দুদের স্বার্থবিরোধী। 

যদি সংশোধন করা না হয় তবে এই আইন বাতিল করতে হবে, বলেন তিনি।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “আমরা ভিক্ষা চাই না কুকুর সামলান। সেক্ষেত্রে এ আইনের আর প্রয়োজন নাই। আগে যেভাবে চলছিল সেভাবেই চলুক।”

সুরঞ্জিত বলেন, বর্তমান ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকারের আমলেও এ দেশে একের পর এক সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপসানালয় ধ্বংস করা হয়েছে। সংখ্যালঘুরা কারও দয়া ও অনুকম্পার পাত্র হয়ে থাকতে চায় না।

তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের [দুর্বৃত্ত] প্রতিহত করার আহ্বান জানান তিনি।

দুপুরে শহরের কালীবাড়িতে অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযপান পরিষদের কেন্দ্রীয় সভাপতি কানুতোষ মজুমদার।

পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি কাজল দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক সুব্রত পাল, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান।