নোয়াখালীতে হামলায় নারী ও শিশুসহ আহত ৭
তুচ্ছ ঘটনা নিয়ে নোয়াখালী সদরে হামলায় একই পরিবারের নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে পশ্চিম মাইজদী এলাকায় এ হামলার সময় বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে আমেনা খাতুন (৬৫), আনোয়ারা খাতুন (২৪) ও বিবি কুলসুমকে (২২) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন মনির আহম্মদ (৩৫), জাকির হোসেন (৩০), মিরাজ (৭) ও মহসিন (৮)। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুধারাম থানার উপপরিদর্শক আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার বিকালে পশ্চিম মাইজদীর মনির আহম্মদের গরু একই এলাকায় সুজনের কিছু শিম গাছ খেয়ে ফেলে।
এ নিয়ে দুপক্ষের লোকজনের কথা কাটাকাটির জেরে রাত ৮টার দিকে একদল লোক মনির আহম্মদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
এসআই আবদুল্লাহ আরো বলেন, রাতেই তিনি ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
