চট্টগ্রামে আগাম টিকেট বিক্রি শুরু
ঈদ সামনে রেখে চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে আগামী ৪ অগাস্টের বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেট দেয়া হচ্ছে।
ভোররাত থেকেই টিকেটের জন্য স্টেশনে এসে কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান অনেকে।
সেহরির সময় এসে সকাল পৌনে দশটায় টিকেট পান একটি কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তিন বন্ধু চট্টগ্রামে লেখাপড়া করি। ঈদ করব ঢাকায় পরিবারের সঙ্গে। তাই সেহরির পরই লাইনে দাঁড়িয়ে টিকেট নিলাম। কোনো সমস্যা হয়নি।”
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান স্টেশনে টিকেট বিক্রির প্রক্রিয়া তদারক করছিলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলাদা ছয়টি কাউন্টারে বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি করা হচ্ছে।
পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সুকুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, “যাত্রীরা যাতে সহজে টিকিট কিনতে পারেন সেজন্য আমরা স্টেশনে উপস্থিত থেকে সার্বক্ষণিক মনিটর করছি।”
রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৭ জুলাই ৫ অগাস্টের, ২৮ জুলাই ৬ অগাস্টের, ২৯ জুলাই ৭ অগাস্টের এবং ৩০ জুলাই ৮ অগাস্টের টিকিট বিক্রি করা হবে।
পাশাপাশি ৩ অগাস্ট পর্যন্ত আগের দিনগুলোর টিকিটও বিক্রি করা হবে।
