২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের গুলিতে প্রাণ গেল বাস চালকের

যাত্রীদের মালামাল রক্ষা করতে গিয়ে ডাকাতের গুলিতে প্রাণ দিলেন এক বাস চালক।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

পুলিশ বলছে, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার ভোরে ফেনীর দাউদপুরে ডাকাতের কবলে পড়ে সৌদিয়া পরিবহনের বাসটি।

ফেনী হাইওয়ে পুলিশের ওসি আবদুল কাদের জানান, নিহত আবু তাহেরের (৪৫) বাড়ি চট্টগ্রামের নিজামপুর কলেজ এলাকায়।

বাস যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাদের বলেন, ভোর ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কের দুই পাশ থেকে ঢিল ছুড়ে বাসটি থামানোর চেষ্টা করে ডাকাতরা। এরপরও আবু তাহের গাড়ি না থামানোয় ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে।

এ সময় একটি গুলি তাহেররে পেটে লাগলে তিনি সিট থেকে পড়ে যান। তার সহকারী মোহাম্মদ হুমায়ুন বাস চালিয়ে ফেনীর ফতেপুর স্টার লাইন সিএনজি স্টেশনে নিয়ে আসেন।

ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাহেরকে মৃত ঘোষণা করেন বলে ওসি আবদুল কাদের জানান।

তাহেরের সহকারী হুমায়ুন জানান, চট্রগ্রাম থেকে কাপড় ব্যবসায়ীরা তাদের বাসটি রিজার্ভ করে ঢাকার বাবু বাজারে যাচ্ছিলেন। আরেকটি বাস ভাড়া করে তাদের ফেনী থেকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে দেয় ফেনী মডেল থানার পুলিশ।

ওসি আবদুল কাদের বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।