২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে ‘উদ্বেগ নেই’ ডিসিদের

দুই দলের পরস্পরবিরোধী অবস্থানে আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে শঙ্কা থাকলেও মাঠ পর্যায়ের মূল কর্মকর্তাদের এ নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন প্রশাসনের প্রধান কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 11:09 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা মাঠ প্রশাননের কর্মকর্তাদের মনোভাব জানান।

তিনি বলেন, “আগামী নির্বাচন নিয়ে জেলা প্রশাসকরা কোনো উদ্বেগ প্রকাশ করেননি। সরকার যেভাবে নির্দেশনা দেবে, প্রশাসন সেভাবে কাজ করবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, প্রশাসন সেভাবেই দায়িত্ব পালন করবে।”

সংশোধিত সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই পরবর্তী সাধারণ নির্বাচন হবে এবং তা অনুসরণের পক্ষপাতি ক্ষমতাসীন দল।

তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না দাবি করে বিএনপি নির্বাচন বয়কটের হুমকি দেয়ায় সঙ্কট দেখছেন অনেক রাজনীতিক।

নির্বাচনের মূল দায়িত্বটি নির্বাচন কমিশন পালন করলেও প্রশাসনের সহযোগিতা নিয়েই তাদের কাজ করতে হয়।

মোশাররাফ সাংবাদিকদের বলেন, “আপনারা যাই মনে করুন না কেন, গণতন্ত্র কিন্তু কেবল পার্লামেন্ট ও স্থানীয় সরকারে থাকে না। প্রশাসনের অভ্যন্তরেও গণতন্ত্র আছে।

“আমাদের প্রশাসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে গৃহীত হয়। ক্যাবিনেট সেক্রেটারি এককভাবে কোনো সিদ্ধান্ত নেয় না।”

সরকারের শেষ বছরে এই জেলা প্রশাসক সম্মেলন ‘ভালো’ হয়েছে বলে দাবি করেন মন্ত্রিপিরিষদ সচিব। 

“গতবার বক্তৃতা বেশি এবং আলোচনা কম হয়েছিল। এবার বক্তৃতার তুলনায় আলোচনা বেশি হয়েছে। মন্ত্রী, সচিব, উপদেষ্টারাও ভালো রেসপন্স করেছেন।”

গত ২৩ জুলাই তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে ২০টি কার্য-অধিবেশনে ২৪২টি প্রস্তাবের ওপর আলোচনা হয়, যাতে বিভিন্ন মন্ত্রীরা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেন এবং দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসকরা অপরাধ আমলে নেয়া ও ‘সংক্ষিপ্ত বিচারের’ ক্ষমতা দেয়ার বিষয়ে সম্মেলনে আলোচনা তোলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আইনমন্ত্রীও এ ব্যাপারে রেসপন্স করেছেন। এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারা (মন্ত্রণালয়) আইন পরীক্ষা-নিরীক্ষা করে যা করণীয় তাই করবে।”

বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ায় এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া কঠিন বলে স্বীকার করেন তিনি।

“খুবই ভেবে-চিন্তে সতর্কতার সঙ্গে এটা করতে হবে। একদিকে যাতে বিচার প্রত্যাশী মানুষের কল্যাণ হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে; পাশাপাশি বিচার বিভাগের পৃথকীকরণের সাংবিধনিক বাধ্যবাধকতা যাতে কোনোভাবেই ক্ষুন্ন না হয়।”

তিন দিনব্যাপী এই জেলা প্রশাসক সম্মেলনের আলোচনার  খসড়া তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এরপর তা চূড়ান্ত করা হবে।

সম্মেলনে আসা জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও দেখা করেন।

পুরনো খবর:

‘নির্বাহী হাকিমদের বিচারিক ক্ষমতার সুযোগ নেই’
অনলাইন পত্রিকায় অপপ্রচার: ব্যবস্থা নেয়ার সুপারিশ ডিসিদের