২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত সাভারের পৌর মেয়র কারাগারে

সাভারে রানা প্লাজা ধসের মামলায় সাভার পৌরসভার বরখাস্ত মেয়র ও স্থানীয় বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 07:22 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার পর জামিনের আবেদন করা হলে তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)সহকারী সুপারিনটেনডেন্ট বিজয় কৃষ্ণ কর তাকে আদালতে হাজির করেন।

আদালেতে আসামির পক্ষে জামিনের আবেদন করেন সানাউল্লাহ মিয়া।

জামিনের আবেদনে তিনি বলেন, রানা প্লাজার নকশা ও ভবন নির্মাণের সময় রেফাত উল্লাহ মেয়র না থাকায় ওই নির্মাণ ও নকশার দায় তার নয়।

পুলিশের আবেদনে বলা হয়, মেয়র হিসেবে রেফাত উল্লাহ রানা প্লাজার নির্মাণের কাজ পর্যবেক্ষণ না করে নিজ দায়িত্ব পালন করেননি বলে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে।

রানা প্লাজার নির্মাণকাজ তদারকিতে অবহেলার অবিযোগে বুধবার দুপুরে রেফাতকে সাভার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।

রানা প্লাজা ধসের ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ২১ জন গ্রেপ্তার হলেন।

২ মে রানা প্লাজার নকশা ও লে-আউট প্ল্যান অনুমোদনে সাভার পৌরসভা বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ না করায় রেফাত উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়।

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নয়তলা রানা প্লাজা ভবনটি ধসে পড়লে ১১৩০ জন পোশাক শ্রমিক মারা যান; আড়াই হাজার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

এঘটনায় ২৫ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ভবন নির্মাণ আইন ও ভবনবিধি লঙ্ঘনের দায়ে একটি মামলা করে।