ব্যবসায়ীকে নির্যাতন, না.গঞ্জে ৩ গোয়েন্দা প্রত্যাহার
এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কর্মকর্তাসহ তিন জনকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ফতুল্লায় কাপড় ব্যবসায়ী মনির হোসেনকে নির্যাতনের অভিযোগে বুধবার রাতে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাদের প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দেন।
তারা হলেন- ডিবির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক ও কনস্টেবল কবির হোসেন।
এছাড়াও ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মনির হোসেন সাংবাদিকদের জানান, সপ্তাহ দুয়ের আগে তাকে ধরে নিয়ে ডিবি কার্যালয়ে ওই তিন সদস্য ৫ লাখ টাকা দাবি করেন এবং নির্যাতন করে।
মনির শহরের খানপুরের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার রাতে তার পরিবারের সদস্যরা এ ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পরই তাৎক্ষণিকভাবে ওই তিন ডিবি সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এ ছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
