রোকেয়ায় শিক্ষকদের ক্লাস বর্জনের আহ্বান
বকেয়া বেতন-বোনাস না দিলে রোববার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।
মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে দুই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তারা।
প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য সচিব গাজী মাজহারুল আনোয়ার বলেন, দুই মাস ধরে বেতন না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন শিক্ষকরা। শনিবারের মধ্যে বেতন-ভাতা দেয়া না হলে রোববার থেকে লাগাতার একাডেমিক কার্যক্রম বর্জন করা হবে।
এ ঘটনায় নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬১৬ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন রয়েছে ২৮৫ জনের।
“বাকি ৩৩৩ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীকে ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে জানুয়ারিতে তৎকালিন উপাচার্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। অতিরিক্ত শিক্ষক-কর্মচারীর বেতন দিতে গিয়ে স্থায়ী শিক্ষক-কর্মচারিদের বেতনও ফুরিয়ে যায়।
উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বকেয়া বেতন ও বোনাস বরাদ্দ চেয়ে ইউজিসিকে চিঠি দেয়া হয়েছে। আশা করছি শীঘ্যই ব্যবস্থা হয়ে যাবে।
