২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে একরাতে আট বাড়িতে ডাকাতি

ফরিদপুর সদর উপজেলায় একরাতে হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে ডাকাতি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার রাতে কানাইপুর ইউনিয়নের সাইবেড়িয়া গ্রামের মজুমদার পাড়ায় এ ঘটনায় ডাকাতদের হামলায় আহত হয়েছে দুইজন।

তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ২৫/৩০ জনের একদল ডাকাত ওই গ্রামের মজুমদার পাড়ার ঝন্টু মজুমদার, তার তিন ভাই নান্টু মজুমদার, মন্টু মজুমদার, রেন্টু মজুমদার ও চাচা নিদেন মজুমদার, চাচাতো ভাই গৌতম মজুমদার ও উত্তম মজুমদার এবং পিসাতো ভাই বিপ্লব মজুমদারের বাড়িতে ঢুকে পড়ে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে ।

এরপর ডাকাতরা আট বাড়ি থেকে মোট ৪২ ভরি স্বর্ণালংকার, নগদ লক্ষাধিক টাকা, আটটি  মোবাইলফোনসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা নিদেন মজুমদারের মা রাজুবালা (৮০), গৌতম মজুমদারের মা অমলা মজুমদারকে (৭০) কুপিয়ে আহত করে।

ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায় ।

ঝন্টু মজুমদার অভিযোগ করেন, আমাদের পরিবারের সবাই পাশাপাশি ঘরে  থাকি। রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবারের প্রস্তুতি চলছিল। এমন সময় ২৫/৩০ জনের একদল ডাকাত পিস্তল, কিরিচসহ একযোগে সব ঘরে ঢুকে পড়ে। ডাকাতরা বাড়ির সবাইকে বেঁধে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটে নেয়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে ঝন্টু মজুমদার বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।