যশোরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
যশোরের অভয়নগরের আওয়ামী লীগ নেতা ফরিদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার সকালে আসামি আব্দুস সামাদ ওরফে ‘কসাই সামাদ’কে সস্ত্রীক বেনাপোলের পর্যটন মোটেল থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান যশোর গোয়েন্দা পুলিশের ওসি মনির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কসাই সামাদের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে অভয়নগর ও ফুলতলা থানায়। ধরা পড়ার পর তারা চাঞ্চল্যকর ফরিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
হত্যাকাণ্ডের পরপরই স্ত্রীসহ ভারতে পালায় সামাদ। মঙ্গলবার ফিরে এসে পর্যটন মোটেলে ওঠে তারা।
গত ১ মে নওয়াপাড়া থেকে নিখোঁজ হন আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেন। ৩ মে সামাদের বাড়ি থেকে তার চার খণ্ড করা লাশ উদ্ধার করা হয়।
সামাদ অভয়নগর উপজেলার ভুইকারা গ্রামের আদম আলী শেখের ছেলে।
