২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

পূর্ণিমার জোয়ারের প্রভাবে ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 09:05 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার দ্বিতীয় দিনের মতো এই দুই নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

এতে জেলার নিম্নাঞ্চলের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির চাপে বিধ্বস্ত হয়েছে জেলার শতাধিক কাচা ঘরবাড়ি। পানির কারণে কিছু কিছু এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

শহরতলীর পরানগঞ্জ বাজার, বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দি বাজার, তজুমদ্দিন, ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন পলিটেকনিক্যাল ও চরফ্যাশনের চর কুকরী-মুকরীর বেশ কিছু এলাকা তিন থেকে চার ফুট পানিতে প্লাবিত হয়।

মঙ্গলবার বিকালে ভাঙ্গা বাঁধ দিয়ে এসব এলাকায় পানি প্রবেশ করতে দেখা গেছে।

কুকরী-মুকরীর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সালাম হাওলাদার বলেন, ইউনিয়নের এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে।

“আতঙ্কে এখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে এসেছে।”

ভবানীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, ভবানীপুর অংশ দিয়ে নদী ভাঙ্গন ব্যাপক হারে বেড়ে গেছে।

জোয়ারের চাপ কমে গেলে বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভোলা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান।