২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটায় গৃহনির্মাণের টাকা ফেরত, উচ্চ আদালতে রিট

বরগুনার পাথরঘাটা উপজেলায় মহাসেনে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহনির্মাণ সাহায্যের টাকা ফেরত যাওয়ায় বুধবার উচ্চ আদালতে রিট করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের উর্ধ্বতন সহ-সভাপতি মজিবুর রহমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের বরাবর এ রিট আবেদন করেন।

রিটে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব, সিনিয়র সহকারী সচিব, বরগুনা জেলা প্রশাসক, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাথরঘাটা প্রকল্প কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্বে অবহেলা ও উদাসীনতার কারণে ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা উপজেলার গৃহনির্মাণ সাহায্যের টাকা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে ফেরত চলে গেছে।

ফলে উপজেলার ১ হাজার ৩২০ পরিবার গৃহ নির্মাণের সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। ভরা বর্ষায় এসব গৃহহীন পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

গত ৭ জুলাই গৃহনির্মাণ সাহায্যের ১ কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়।

বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরগুনা জেলায় গৃহনির্মাণে ৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। যার মধ্যে পাথরঘাটা উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছিল ১ কোটি ৩২ লাখ টাকা।

পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় বামনার ইউএনও মো. আলমগীর হোসেনকে সভাপতি, পাথরঘাটার প্রকল্প কর্মকর্তা এম এ মাহবুব হোসেনকে সদস্য সচিব, পাথরঘাটা পৌরসভার মেয়র ও ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

গত ২২ জুন এ কমিটি প্রথম সভা করে। ৩০ জুন আরেকটি সভা করে বরাদ্দের টাকা তারা তুলে ফেলে।

জেলা প্রশাসক বলেন, “সমন্বয়হীনতার কারণে তারা এ টাকা দিয়ে গৃহনির্মাণে সহায়তা করতে না পারলেও ৭ লাখ ২৬ হাজার টাকা ভ্যাট দিয়ে দিয়েছে। যার ফলে তারা সম্পূর্ন টাকা ফেরত পাঠাতে পারেননি।”

গত ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনে আশ্রয়হীনদের গৃহ নির্মাণে সহায়তার জন্য এ অর্থ বরাদ্দ দেয়া হয়।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাচানুর রহমান রিমন জানান, তারা বরাদ্দ পাবার পরপরই সভা করে সিদ্ধান্ত নিয়ে গৃহহীন পরিবার বাছাই করা শুরু করেছিলেন। এসব পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা দেয়ার সিদ্ধান্ত ছিল।

কিন্তু ৩০ জুনের মধ্যে সহায়তার টাকা খরচ করতে না পারায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টাকা ফেরৎ পাঠানো হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান।

তবে দায়িত্বে অবহেলার কথা অস্বীকার করেন তিনি ।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু বলেন, দায়িত্বহীনতার কারণেই টাকা ফেরত গেছে।

তিনি সহায়তার টাকা পুনরায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন বলেও জানান।