সিরাজগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ
বকেয়া বেতনসহ ঈদ বোনাসের দাবিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলের শ্রমিকরা দুইঘণ্টা সড়ক অবরোধ করেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ভদ্রঘাটে মিলের সামনে সিরাজগঞ্জ-নকলা সড়ক অবস্থান নেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুঘণ্টা পর কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহম্মেদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকরা জানান, মিল কর্তৃপক্ষ তাদের পাওনা চার মাসের বেতন এবং এখন ঈদ বোনাসের টাকা পরিশোধ করতে নানারকম তালবাহানা করছে। এ কারণে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
এর আগে মঙ্গলবার তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইসাহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই বেতন বোনাসের ব্যবস্থা করা হবে।
