২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি নিয়ে জটিলতা নিষ্পত্তির নির্দেশ

অর্পিত সম্পত্তি সংক্রান্ত জটিলতার দ্রুত নিষ্পত্তি এবং কৃষি জমি সুরক্ষার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 11:53 AM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ভূমি মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে ভূমিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। 

অর্পিত সম্পত্তি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সম্প্রতি আইন সংশোধন করে অতিরিক্তি জেলা জজ ও সেশন জজদেরও আদালত পরিচালনার ক্ষমতা এবং জেলা দায়রা জজদের আপিল নিষ্পত্তির ক্ষমতা দিচ্ছে সরকার।

অর্পিত সম্পত্তির জন্য আবেদন করার সময়সীমাও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

সরকারি হিসাবে দেশে অর্পিত সম্পত্তির পরিমাণ ৬ লাখ ৬০ হাজার একর।

মন্ত্রী বলেন, ডিসিদের ভূমি ব্যবস্থা ডিজিটাইজড করার প্রক্রিয়াও দ্রুততার সঙ্গে শেষ করতে বলা হয়েছে জেলা প্রশাসক সম্মেলনে।

আর জেলা প্রশাসকদের পক্ষ থেকে ভূমি অফিসের আধুনিকায়ন ও জনবল কাঠামো বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ এসেছে বলে ভূমিমন্ত্রী জানান।

এ অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

সরকারের মেয়াদের শেষ বছরের এই সম্মেলনে ২৪২টি প্রস্তাবের ওপর আলাচনা হওয়ার কথা রয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সরকারের কাছে এসব প্রস্তাব করছেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে আরো্ ১৫টি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন হওয়ার কথা রয়েছে।