সাক্ষী হাজিরে সালাউদ্দিন কাদেরকে ‘শেষ সুযোগ’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরবর্তী সাফাই সাক্ষী হাজির করার জন্য বুধবার পর্যন্ত ‘শেষ সুযোগ’ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই আদেশ দেয়।
ফখরুল ইসলাম এদিন ট্রাইব্যুনালে দুটি আবেদন করেন। এর মধ্যে আসামির পক্ষে অতিরিক্ত নথি হিসেবে একটি হলফনামা গ্রহণের কথা বলা হয়। অন্য আবেদনে পরবর্তী সাফাই সাক্ষীকে হাজিরের জন্য সময় চাওয়া হয়।
এ কারণে সাক্ষীকে রোজার ঈদের পর ট্রাইব্যুনালে নিয়ে আসার অনুমতি চান আইনজীবী।
তালিকার পঞ্চম সাফাই সাক্ষী বিচারপতি শামীম হাসনাইন সম্পর্কে ফখরুল বলেন, “মাননীয় এ বিচারপতি ট্রাইব্যুনালে এসে সাফাই সাক্ষ্য দেয়ার জন্য প্রধান বিচারপতির কাছে অনুমতি প্রার্থনা করেছেন্ কিন্তু এখনো অনুমতি মেলেনি।”
পঞ্চম সাক্ষীকে হাজিরের জন্য ২৮ জুলাই পর্যন্ত সময় চান তিনি।
এছাড়া বিচারপতি শামীম হাসনাইনের মা জিন্নাত আরার (৮৫) হলফনামা ট্রাইব্যুনালে অতিরিক্ত নথি হিসেবে গ্রহণের জন্য আলাদা আবেদন করা হয়।
ওই হলফনামায় জিন্নাত আরা ১৯৭১ সালের মে ও অগাস্ট মাসে পাকিস্তানে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার বর্ণনা দিয়েছেন বলে ফখরুল জানান।
এ আবেদনের বিষয়ে আপত্তি জানিয়ে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “অতিরিক্ত নথি হিসেবে এ ধরনের হলফনামা গ্রহণের কোনো সুযোগ নেই। আর আসামিপক্ষ সাক্ষী হাজিরের ক্ষেত্রে বারবার সময় নিয়ে মামলার কার্যক্রমকে বিলম্বিত করছেন। আবারো সময়ের আবেদন এরই ধারাবাহিক প্রক্রিয়া।”
দুই পক্ষের শুনানী শেষে আদেশে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল বলে, আসামিপক্ষ চার ও পাঁচ নম্বর সাফাই সাক্ষীকে হাজির করার জন্য অনেকবার সময় নিলেও পারেননি।
দুই সাক্ষীকে হাজির করে সাক্ষ্যগ্রহণের জন্য বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিচারক বলেন, “ন্যায়বিচারের স্বার্থে আজ আবারো সুযোগ দেয়া হলো। তবে ভবিষ্যতে এ ধরনের সুযোগ আর দেয়া হবে না।”
হলফনামার বিষয়ে আদেশে বলা হয়, “যেহেতু বিচারপতি শামীম হাসনাইন আসামিপক্ষের একজন সাক্ষী এবং এ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে ইচ্ছুক, সুতরাং তার মায়ের হলফনামা গ্রহণযোগ্য নয়।”
শুনানির সময় আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম পরে সাংবাদিকদের বলেন, “আসামিপক্ষের আইনজীবী মিথ্যাচার করে গেছেন। আমরা জানতে পেরেছি চতুর্থ সাফাই সাক্ষী সালমান এফ রহমান দেশেই আছেন।”
ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ফখরুল ইসলাম আদালতকে যা বলেছেন, তা আদালত অবমাননার শামিল মন্তব্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান এই প্রসিকিউটর।
সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পাঁচ সাফাই সাক্ষীর মধ্যে তিনি নিজেসহ মোট তিনজন এ পর্যন্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। বাকি দুজন হলেন- তার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু নিজাম আহমেদ এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও তার খালাত ভাই কাইয়ুম রেজা চৌধুরী।
হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরে ১৯ ডিসেম্বর তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গতবছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়। ওই বছর ১৪ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
