২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন কমিশনের চেয়ারম্যান হলেন খায়রুল হক

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার রায় দেয়া বিচারপতি এ বি এম খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সাবেক এই প্রধান বিচারপতি আগামী তিন বছর এই সংস্থায় দায়িত্ব পালন করবেন, যে সংস্থার কাজ বিদ্যমান আইনের সংস্কারের বিষয়ে সরকারকে পরামর্শ দেয়া।

গুরুত্বপূর্ণ এই সংস্থায় এর আগে দায়িত্ব পালনকারীদের প্রায় সবাই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এর মধ্যে রয়েছেন বিচারপতি এফ কে এম এ মুনেম, বিচারপতি কামাল উদ্দিন হোসেন, বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি এ টি এম আফজাল প্রমুখ।

বিচারপতি খায়রুল হকের নিয়োগের প্রজ্ঞাপনে মঙ্গলবার আইন মন্ত্রণালয় জানিয়েছে, যোগ দেয়ার দিন হতে তার নিয়োগ কার্যকর হবে।

আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে প্রধান বিচারপতির সমান বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন তিনি।

বিচারপতি আব্দুর রশীদ ২০১০ সালের অক্টোবরে পদত্যাগ করার পর আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. শাহ আলমকে। এখন পূর্ণাঙ্গ চেয়ারম্যান পেল কমিশন।

খায়রুল হক ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুর জেলার রাজৈর থানায় জন্ম নেয়া খায়রুল হক ম্যাট্রিকুলেশন পাস করেন ১৯৬০ সালে। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেয়ার পর ১৯৭৫ সালে লন্ডনের লিংকনস ইন থেকে তিনি বার অ্যাট ল' করেন।

১৯৭০ সালে আইনজীবী হিসেবে কাজ শুরুর পর ১৯৭৬ সালে হাই কোর্টে এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন খায়রুল হক।

১৯৭৮ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেন তিনি।

খায়রুল হক হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ১৯৯৮ সালের ২৭ এপ্রিল। স্থায়ী হন ২০০০ সালের ২৭ এপ্রিল। এরপর ২০০৯ সালের ১৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান।

হাই কোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলা ছাড়াও সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষণা ও ঘোষক সম্পর্কিত মামলা, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ, ঢাকার চার প্রধান নদী রক্ষা, ঢাকার ট্যানারি স্থানান্তর এবং আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার, ফতোয়াসহ বিভিন্ন আলোচিত মামলার রায় আসে খায়রুল হকের আদালত থেকেই।

জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রধান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন।