রনির মামলায় দুই সাংবাদিকের জামিন
সাংসদ গোলাম মাওলা রনির করা মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুল জামিন পেয়েছেন।
মঙ্গলবার হাই কোর্টে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের তিন মাসের জামিন মঞ্জুর করে।
অ্যাডভোকেট আনিসুল হক আবেদনকারীর পক্ষে শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
পরে আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত দুই সাংবাদিককে তিন মাসের জামিন দিয়েছে।
ছবিটি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সৌজন্যে
অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মী শনিবার পল্টনে রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন।
ঘটনার ভিডিওচিত্রে দেখা যায়, সংসদ সদস্য রনি নিজেই প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর চড়াও হয়ে লাথি মারছেন।
ঘটনার দিন রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ রনিকে আসামি করে একটি মামলা করে। এরপর রনি তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে পাল্টা মামলা করেন, যাতে সনি ও মুকুলকে আসামি করা হয়।
রনির দাবি, শেয়ারবাজার নিয়ে কথা বলার কারণে সালমানের ‘নির্দেশে’ ইনডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ টিমকে (অনুসন্ধানী প্রতিবেদন যে অনুষ্ঠানে প্রচার হয়) তার পিছনে লেলিয়ে দেয়া হয়।
মামলায় তিনি অভিযোগ করেন, তালাশ টিমের সদস্যরা তার অফিসের ফ্রন্ট ডেস্কের কর্মচারী আবদুল কুদ্দুসের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং সালমানের নির্দেশে তাকে অপহরণের চেষ্টা চালায়।
ইনডিপেনডেন্টের করা মামলায় রনি রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
পটুয়াখালীর সংসদ সদস্য রনির বিরুদ্ধে এর আগেও সাংবাদিকদের নিগৃহীত করার অভিযোগ রয়েছে।
২০০৯ সালে পটুয়াখালীর গলাচিপায় নদী দখল করে বিপণীবিতান তৈরির কথা বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশ হলে রনির সমর্থকদের হাতে স্থানীয় কয়েকজন সাংবাদিক নিগৃহীত হন। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও করেন তিনি।
শনিবারের ঘটনার পর বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকরা এক বিবৃতিতে রনিকে বর্জনের জন্য টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। তাকে গ্রেপ্তারে সাত দিনের সময়ও বেধে দিয়েছেন সাংবাদিক নেতারা।
