কাদের মোল্লার আপিল: অ্যামিকাস কিউরিদের বক্তব্য শেষ
আব্দুল কাদের মোল্লার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল গ্রহণ করা যায় কি না, তা নিয়ে সাত অ্যামিকাস কিউরির বক্তব্য শোনা শেষ করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে সোমবার এ এফ হাসান আরিফ সর্বশেষ অ্যামিকাস কিউরি হিসাবে বক্তব্য রাখেন।
আইন সংশোধনের আগে কাদের মোল্লার রায় হওয়ায় সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের বক্তব্য, সংশোধিত আইন কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
দণ্ড বাড়াতে প্রসিকিউশনকে আপিলের সুযোগ না দেয়ার পক্ষপাতি হলেও তিনি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কাদের মোল্লার যে আপিল রয়েছে, আদালত চাইলে তার ভিত্তিতেই দণ্ড বাড়াতে বা কমাতে পারে।
অ্যামিকাস কিউরিদের মধ্যে হাসান আরিফের আগে টিএইচ খান বলেন, প্রসিকিউশনের আপিলের সুযোগ কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বাকি পাঁচ জন রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও রোকন উদ্দিন মাহমুদ মনে করেন, সংশোধিত আইন কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
অ্যামিকাস কিউরিদের বক্তব্যের পর জামায়াত নেতার পক্ষে তার আইনজীবী আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
তিনি বলেন, ৫ ফেব্রুয়ারি রায় হয়ে যাওয়ার পর এই সংশোধনী আনা হয়েছে। তাই সংশোধনীর সুযোগে করা সরকারের আপিল অকার্যকর ও বাতিলযোগ্য। এই আপিল চলতে পারে না।
রাষ্ট্রপক্ষে মঙ্গলবার বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি সাংবাদিকদের বলেন, “আগামীকাল সকালের সেশনেই আশা করি, আমার বক্তব্য শেষ হবে। এরপর আদালত মামলাটির রায়ের দিন ঘোষণা করবে।”
গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সারাদেশে আন্দোলন শুরুর পর সরকার আইন সংশোধন করে আপিলের ক্ষেত্রে প্রসিকিউশন ও আসামি উভয় পক্ষের সমান সুযোগ তৈরি করে।
আগে শুধু খালাসের ক্ষেত্রে প্রসিকিউশন আপিল করতে পারত, আর আসামি পক্ষ সব ক্ষেত্রেই আপিল করতে পারত।
