অফিসে তালা লাগানোর প্রতিবাদ চবি সাংবাদিকদের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে ছাত্রলীগ কর্মীদের তালা লাগানোর জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন নেতারা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মানববন্ধনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে চাবি সাংবাদিক সমিতি।
চাকসু ভবনের সামনে মানববন্ধনের পর একটি মৌন মিছিল করে তারা।
মাননববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের নানা অপকর্মের বিষয়ে প্রশাসনের নির্লিপ্ততার কারণেই তারা সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে।
ঘটনার দুই দিন পার হলেও প্রশাসন এখনো জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফরহান অভির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর চবি প্রতিনিধি আশরাফ রেজা, সহ- সভাপতি শরীফুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম।
এসময় চবি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
শুক্রবার চবি ছাত্রলীগ কর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি বর্মণের অনুসারী ছাত্রলীগ কমীরা শনিবার পৌনে একটার দিকে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
