‘হেফাজত-জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ’
রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামী এক মুদ্রার এপিঠ-ওপিঠ বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শনিবার সিনেট ভবনের পাদদেশে বিশ্ববিদ্যালয়ে মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এক মানববন্ধনে এই মন্তব্য করেন।
প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আনন্দ কুমার সাহার পরিচালনায় মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক সেলিনা পারভীন ও মুন্সী মনজুরুল ইসলাম।
তারা বলেন, তেঁতুল তত্ত্ব দিয়ে নারীদের গৃহবন্ধী করার যে ষড়যন্ত্র, তা মধ্যযুগীয়। এতে মাওলানা শফি প্রকৃতপক্ষে নারী জাতিকে ছোট করেছেন।
জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের বাঁচাতে হেফাজতি লেবাস পরেছে। তারা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য ইসলামের বিষয়টাকে টেনে এনে নিজ স্বার্থে ব্যবহার করছে।
হেফাজতে ইসলাম হেফাজতের নাম নিয়ে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে।
হেফাজতের মুখোশ উন্মোচিত হয়েছে। সাম্প্রদায়িক এ অপশক্তির মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহমান, অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র, অধ্যাপক সামশুদ্দিন আহমেদ, অধ্যাপক ইলিয়াস হোসেন, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতান উল ইসলাম প্রমুখ।
