জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সালের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ পরীক্ষায় অনুত্তীর্ণদের দ্বিতীয়বর্ষে উত্তীর্ণসহ আটদফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ১১টা থেকে প্রায় দুইঘণ্টা তারা গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় সড়কের দুইপাশে তীব্র যানজট দেখা দেয়।
পরে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মূলফটক ভেঙে ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়য়ের ক্যাম্পাসে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পরিবহন করা ১১টা বাস ও বেশ কিছু গাড়ি ভাংচুর করে। তারা মহাসড়কেও বেশকিছু গাড়ির কাঁচ ভাংচুর করে।
পরে পুলিশ এসে তাদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করলে যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বলেন, “রেগুলেশন অনুযাযী আমার ঠিক পদক্ষেপই নিয়েছি। ২০০৯-১০ বর্ষ থেকে এ গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে যারা ফেল করেছে তারাই এ আন্দোলন ও ভাংচুর করছে।”
তিনি আরো বলেন, তাদের দাবি বিবেচনায় এনে প্রমোশনের আশ্বাস দিলেও তারা তা না মেনে আন্দোলন অব্যাহত রাখে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। তারা না শুনে রাস্তা অবরোধ কেরে গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোনাজ আহমেদ নূর জানান, বিষয়টি নিয়ে আজকে (রোববার) বৈঠক হবে।
