‘পুরান ঢাকায় নিহত যুবক হত্যা মামলার আসামি’
পুরান ঢাকার নবাবপুর রোডে গুলিতে নিহত যুবকের পরিচয় জানতে পেরেছে পুলিশ।
নিহত সিদ্দিক শিকদারের (৩৬) বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। পুলিশের ধারণা, নিজেদের মধ্যে কোন্দলের জেরে সহযোগী সন্ত্রাসীরাই তাকে হত্যা করেছে।
অবশ্য পরিবারের দাবি, সিদ্দিক আবাসন ব্যবসায় জড়িত ছিলেন। তাকে হত্যার অভিযোগে স্থানীয় তিন ‘সন্ত্রাসীর’ বিরুদ্ধে মামলাও করেছেন সিদ্দিকের ভাই।
শনিবার রাত ১০টার দিকে নবাবপুর রোডের জনতা ব্যাংকের বিপরীতে টেকের হাট গলির মাথায় গুলি করে হত্যা করা হয় সিদ্দিককে।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) খোদা নেওয়াজ জানান, একটি মোটর সাইকেলে করে এসে দুই যুবক গুলি করে পালিয়ে যায় বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন তারা।
নিহতের ছোট ভাই ইদ্রিস শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় ইফতারের পর মাতুয়াইলের বাসা থেকে নবাবপুরে যান সিদ্দিক। রাত সাড়ে ১০টার দিকে সিদ্দিকের স্ত্রী তানিয়া টেলিফোনে ইদ্রিসকে জানান, তার ভাইকে ফোন করে পাওয়া যাচ্ছে না।
“পরে ভাইয়ার ব্যবসায়িক অংশীদার মামুনের কাছ থেকে তার খুন হওয়ার বিষয়টি জানতে পারেন ভাবী। রাতে মিটফোর্ড হাসপাতালের মর্গে ভাইয়ের লাশ পাই আমরা।”
মামুন ও স্বপন নামের দুই অংশীদারের সঙ্গে মিলে সিদ্দিক নবাবপুর রোডে ‘ভিলেজ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চালাতেন বলে ইদ্রিস জানান।
কারা তার ভাইকে হত্যা করতে পারে জানতে চাইলে ইদ্রিস বলেন, “তিনদিন আগে নবাবপুরের চিহ্নিত চাঁদাবাজ আরিফ, আক্তার ও মাসুমের সঙ্গে ঝগড়া হওয়ার কথা ভাইয়া আমাকে শনিবার সন্ধ্যায় জানায়। তারাই ভাইয়াকে হত্যা করেছে।”
অন্যদিকে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত সিদ্দিকের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত দশটি মামলা রয়েছে।
“নিজেদের মধ্যে কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় আরিফ, আক্তার ও মাসুমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন ইদ্রিস।
