২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে হুমায়ূন স্মরণ

জীবনের শেষ দিনগুলোতে যেখানে ছিলেন, সেই নিউ ইয়র্কের বাঙালিরা গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে নন্দিত লেখক হুমায়ূন আহমেদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার লেখকের প্রথম মৃত্যুবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেন প্রবাসীরা। ক্যান্সারের চিকিৎসা নেয়া অবস্থায় গত বছর এই শহরেই মারা যান হুমায়ূন আহমেদ।

সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জ্যুইস সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা হয়।

সংস্কৃতিকর্মী সেমন্তী ওয়াহিদের উপস্থাপনায় প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হয় সেখানে, শিশুদের আঁকতে বলা হয় প্রয়াত লেখকের প্রতিকৃতি।

আলোচনা সভার শুরুতে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

এরপর হুমায়ুন আহমেদ রচিত ‘ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময়, চাঁদনি পরশ রাইতে যেন আমার মরণ হয়’ গান গেয়ে শোনান রেজাউল করিম।

প্রবাস জীবন নিয়ে আত্মজৈবনিক ‘নিউ ইয়র্কের আকাশে ঝকঝকে রোদ’ থেকে পড়ে শোনান ফারুক ফয়সাল, আশ্রাফ আসিম, সাবিনা হাই উর্বি, আবৃত্তিশিল্পী আবীর আলমগীর।

স্মরণসভায় হুমায়ূনকে নিয়ে স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, নিউ ইয়র্কে কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, মুক্তধারার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক মনজুর আহমেদ, ফাহিম রেজা নূর, আবু তাহের, তৌহিদুল ইসলাম, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট সেলিনা মোমেন, নীনি ওয়াহিদ প্রমুখ।

স্মরণসভায় প্রধান আলোচক জামাল উদ্দিন হোসেন বলেন,  “হুমায়ুন আহমেদ যদি আরো বেঁচে থাকতেন, তাহলে তিনি বাংলা সাহিত্যকে আরো অনেক কিছু দিতেন। তিনি যতটুকু দিয়ে গেছেন, তা অতুলনীয়।”

আলোচনার পর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

‘ক’ গ্রুপে অন্বেষা প্রথম, আহমেদ ফাইজা দ্বিতীয়, আলভান চৌধুরী তৃতীয় হয়। ‘খ’ গ্রপে ফাতিন আহমেদ প্রথম, আঁখি খান দ্বিতীয়, দেবস্মিতা দেবনাথ কাব্য তৃতীয় হয়।