২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সাংবাদিক সমিতিতে ছাত্রলীগের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের একদল কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শনিবার দুপুর পৌনে ১টার দিকে চাকসু ভবনের তৃতীয় তলায় সমিতি কার্যালয়ে তালা ঝোলানো হয়।

এই বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌল্লাহ জানিয়েছেন।

শুক্রবার চবি ছাত্রলীগকর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের খবর প্রকাশের পর সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি বর্মণের অনুসারী ছাত্রলীগকমীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তালা লাগানোর বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে।

অধ্যাপক সিরাজ-উদ-দৌল্লাহ বলেন, “সহকারী প্রক্টরদের সেখানে পাঠানো হয়েছে।”

শুক্রবার দুপুরে চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি বর্মণ ও সহ-সম্পাদক রবিউল ইসলামসহ ছাত্রলীগের চার কর্মী শহরে যাওয়ার জন্য সিএনজি অটো রিকশা ভাড়া করতে যায়।

অটো রিকশাচালক নূরুল ইসলাম শহরে যেতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগকর্মীরা তাকে মারধর করে।

এ ঘটনায় গ্রামবাসীর সঙ্গে ছাত্রলীগকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

চবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের অনুসারী পিযুষ বর্মণ। এছাড়া শাটল ট্রেনের বগিভিত্তিক ভিএক্স-এর গ্রুপের নেতৃত্ব দেন মামুন ও পিযুষ।

এই বিষয়ে মামুনুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ বলেন, বিষয়টি নিয়ে তিনি খোঁজ-খবর নিচ্ছেন।