২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতাবিরোধীদের সাজা কার্যকরের দাবি

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সাজা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 03:54 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

এ দাবিতে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সংগঠনটি বিক্ষোভ ও মানববন্ধন করেছে। তারা গোলাম আযম ও কাদের মোল্লার ফাঁসিরও দাবি জানান।

মানবতাবিরোধী অপরাধে এ পর্যন্ত যাদের সাজা হয়েছে তাদের মধ্যে গোলাম আজমের ৯০ বছর এবং কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়।

মৃত্যুদণ্ড হয়েছে দেলাওয়ার হোসাইন সাইদী, আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার, মো. কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের।

জামালপুর প্রতিনিধি জানান, সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উদীচী জেলা সভাপতি শিউলী চৌধুরী, মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু ও গণজাগরণ মঞ্চের যুগ্ম আহবায়ক সৈয়দ তানভীর আহম্মেদ।

বক্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর এবং জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

পরে উদীচী শিল্পগোষ্ঠীর একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উদীচীর কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনে গোলাম আজম ও কাদের মোল্লার ফাঁসির দাবি করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে সকল মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করাসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের দাবি জানান।

বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি সুনীল কুমার বিশ্বাস, শফিউর রহমান চৌধুরী, আবুল কালাম আজাদ, আজিজুল হাসান খোকা প্রমুখ।

নোয়াখালী প্রতিনিধি জানান, বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্পাব্যাপী মানববন্ধন হয়।

এতে সাবেক জামায়াত আমির গোলাম আযমের ফাঁসির দাবি জানানো হয়।

এ সময় সমাবেশে বক্তব্য দেন উদীচীর জেলা সভাপতি বিমলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক মোর্শেদা ডেইজি, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর ও সিপিবি নেতা মুক্তিযোদ্ধা মজিবুল হক।