ছিনতাইকারী ধরতে গিয়ে নিজের গুলিতে পুলিশ আহত
রাজধানীর রমানা এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে নিজের ছোড়া গুলি ইস্পাতের পাতে লেগে ছিটকে এসে আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
রমনার ওসি মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে সব্জিবাগান এলাকায় এক ঘটনা ঘটে।
আহত কনস্টেবল মাহবুব আলম (৩৫) রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি জানান, প্রাইভেট কারে চড়ে ছিনতাইয়ের খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সব্জিবাগান বিটিসিএল আফিসের সামনে একদল ছিনতাইকারীকে ধাওয়া করে। এক পর্যায়ে কনস্টেবল মাহবুব ছিনতাইকারীদের গাড়ির চাকা লক্ষ্য করে শটগানের গুলি ছোড়েন।
“কিন্তু গাড়ির চাকার কাছে ইস্পাতের পাতে লেগে ছিটকে আসা ছররা গুলিতে মাহবুব নিজেই আহত হয়।”
এ সময় ছিনতাইকারীরা গাড়ি থামাতে বাধ্য হলে পুলিশ তৌহিদুল ইসলাম (২৪), সুমন (২০) ও উজ্জ্বল (২২) নামে তিনজনকে আটক করে।
তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ, তিন হাজার টাকা, দুটি থ্রিপিস এবং দুটি চাপাতি পাওয়া যায় বলে ওসি জানান।
