২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ না এলে চাকরি হারাবে নারীরা: হাসিনা

হেফাজতে ইসলামের আন্দোলনে বিএনপির সমর্থনের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় না গেলে লাখ লাখ পোশাক শ্রমিক চাকরি হারাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:36 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বক্তব্যে তিনি একথা বলেন।

হেফাজতের আমির শাহ আহমদ শফীর এক ওয়াজে নারীদের পোশাক কারখানায় চাকরি না করতে দিতে পরামর্শ দেয়া হয়।

গণজাগরণবিরোধী হেফাজত যে ১৩ দফা দাবি তুলেছে, তাতে নারী-পুরুষের এক সঙ্গে বিচরণ বন্ধ করতে বলা হয়েছে।

ঢাকায় গত মে মাসে হেফাজতের সমাবেশে প্রধান বিরোধী দল বিএনপির সমর্থন ছিল। হেফাজতকে মতিঝিল থেকে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সমালোচনাও করে আসছে দলটি।   

শেখ হাসিনা হেফাজত নেতা শফীর ওয়াজের প্রসঙ্গ ধরে বলেন, “এখন নারীদের নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে। মেয়েদের আয়-উপার্জনের পথ বন্ধ করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে না পারলে লাখ লাখ গার্মেন্টসকর্মী চাকরি হারাবে।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের সাজা নিয়ে কোনো প্রতিক্রিয়া না থাকা নিয়েও দলটির জোটসঙ্গী বিএনপির সমালোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী।

“শুধু বিচার চায় না একটি দল, বিএনপি। তারা রায় নিয়ে কোনো কথা বলেছে না। তারা এ রায়ে সন্তুষ্ট, না অসন্তুষ্ট- কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করে না। তাই ধরে নিতে পারি, তারা যুদ্ধাপরাধীদের সমর্খন করছে।”

যুদ্ধাপরাধের বিচারে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “বিচারের রায় একদিন বাস্তবায়ন হবে।”

যুদ্ধাপরাধীদের ‘রক্ষায়’ নাশকতা সৃষ্টিকারীদের বিচারের আশাও প্রকাশ করেন তিনি।

ট্রাইব্যুনালের রায় মেনে নিতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। রায় প্রত্যাখ্যান করে হরতালের সমালোচনাও করেন তিনি।

ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের সাজার রায় প্রত্যাখ্যান করে এই পর্যন্ত প্রতিবারই হরতাল ডেকেছে দলটি। গোলাম আযম ও আলী আহসান মো. মুজাহিদের রায় প্রত্যাখ্যান করেও এই সপ্তাহে হরতাল ডাকে জামায়াত।

শেখ হাসিনা বলেন, “ইসলামের নামে যারা রাজনীতি করে, তারা রোজার মাসে কীভাবে হরতাল দেয়?”

‘কোটা নিয়ে ভাংচুরকারীদের ছবি আছে’

সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে আন্দোলনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেনে, “একটা কোটা দীর্ঘদিন ধরে চলে আসছে। মেয়েদের কোটা আছে। তারা চাকরি পাবে না? মুক্তিযোদ্ধাদের পাওয়ার পথ বন্ধ করে দেব?

“মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ না করলে কয়জন চাকরি পেত?”

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি তুলে একদল বিসিএস পরীক্ষার্থী আন্দোলনে নেমেছে। তারা বলছে, কোটা থাকার কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে।

কোটাবিরোধী কর্মসূচি থেকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাংচুরের ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “যারা এ ধরনের উচ্ছৃঙ্খল কাজ করে, তারা কি সরকারি চাকরি পাওয়ার যোগ্য?

“তাহলে কি রাজাকার, আল-বদর আর আল-শামসরা এদেশে থাকবে? তারাই দেশ চালাবে?”

ভাংচুরকারীদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, “যারা ভাংচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের ছবি রয়েছে। মৌখিক পরীক্ষার সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

বর্তমান সরকার মেধা বিকাশের সুযোগ করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, “তা বলে অন্যের প্রাপ্য তাকে দিতে হবে।”

ঈদের পর ‘নামবে’ আওয়ামী লীগ

নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগ ‘সর্বশক্তি নিয়ে মাঠে নামবে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ঈদের পর আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে- সংগঠনকে শক্তিশালী করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং সহযোগী সংগঠনের সদস্যদের নিয়ে ছোট ছোট দল করে সারাদেশ সফর হবে।

সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগের খবরটি গুজব বলে উড়িয়ে দিয়ে আশরাফ আবার বলেন, “আমি তো আগেই বলেছি, এটা গুজব। গুজব সম্পর্কে কী বলব? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো পালিয়ে যেতে পারে না।”

বৈঠকে উপস্থিত কার্যনির্বাহী সংসদের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনা ঈদের আগেই কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ইফতারের আয়োজন করার তাগিদ দেন।

এদিকে, বৈঠকের পর ইফতার শেষে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ব্যাংকোয়েট হলে উপস্থিত কার্যনির্বাহী সংসদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পুরনো খবর:

শফীর বক্তব্য জঘন্য: শেখ হাসিনা
সমাবেশের নিয়ন্ত্রণ ‘হারিয়েছিলো’ হেফাজত