২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিয়ে সিদ্ধান্ত রায়ের কপি দেখে: ইসি

একাত্তরে যুদ্ধাপরাধের জন্য জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হবে কি না- সে বিষয়ে রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 09:15 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বৃহস্পতিবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

Image
কাজী রকিবউদ্দীন আহমদ, ফাইল ছবি

কাজী রকিবউদ্দীন আহমদ, ফাইল ছবি

তিনি বলেন, “ট্রাইব্যুনালের রায় দেখে জামায়াতের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেব। রায়ের কপি হাতে পাওয়ার আগে কিছু বলা যাবে না।”

মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায়ের পর্যবেক্ষণে একাত্তরের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে ‘ক্রিমিনাল দল’ হিসাবে উল্লেখ করে ট্রাইব্যুনাল। দেশের কোনো সংস্থার শীর্ষ পদে স্বাধীনতাবিরোধীদের থাকা উচিত নয় বলেও রায়ে মত দেয়া হয় এবং এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়।  

এর আগে ট্রাইব্যুনালের অন্য রায়গুলোতেও জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধ সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।

গত গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়ের পর্যবেক্ষণে বলা হয়, জামায়াতে ইসলামী একাত্তরে ‘পাকিস্তান রক্ষার’ নামে ‘সশস্ত্র বাহিনী’ তৈরির মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে।

সে সময় সিইসি কাজী রকিব বলেছিলেন, “আদালতের আদেশ সবাইকে মানতে হবে। নির্দেশ পেলে তাও মানবে ইসি।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাজাপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য করে গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনা হচ্ছে বলেও সিইসি জানান ।

বৃহস্পতিবার আরপিও সংশোধন সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, “বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধাপরাধে দণ্ডিতদের (ওয়ার ক্রাইম) নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে আরপিওতে। এখন এরসঙ্গে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথাও উল্লেখ করা হবে। এই টেকনিক্যাল বিষয়টির কারণে সংশোধন করা হচ্ছে”।

পুরনো খবর:

‘জামায়াত ক্রিমিনাল দল’
জামায়াত: আইন দেখে ব্যবস্থা নিচ্ছে ইসি
জামায়াত নিয়ে সিদ্ধান্তে যাচ্ছে নির্বাচন কমিশন