ফার্মগেইটে রাস্তা বন্ধ করে মানববন্ধন
পরীক্ষাপত্র পুনর্মূল্যায়ন, সেশন জট দূর করাসহ ১১ দফা দাবিতে রাজধানীর ফার্মগেইট এলাকায় সড়ক বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তিনি জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করলে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানবন্ধনের পর রাস্তায় বিক্ষোভ শুরু করে তারা।
তেজগাঁও কলেজ, ড. মালিকা কলেজ, ঢাকা কলেজ, বাংলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, তিতুমীর কলেজসহ ১০টি কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
এরপর বেলা পৌনে ১টার দিকে তারা তেজগাঁও কলেজের ভেতরে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
তেজগাঁও কলেজের ছাত্র জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম বর্ষের পরীক্ষাপত্র পুনর্মূল্যায়ন, সিলেবাস সংক্ষিপ্ত করা, চার বছরের সিলেবাস প্রথম বর্ষেই শিক্ষার্থীদের হাতে দেয়া, সেশন জট দূর করা, পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশসহ ১১ দফা দাবিতে তাদের এই কর্মসূচি।
রোববারও তার অন্য কোনো কলেজের সামনে একই ধরণের কর্মসূচিপালন করবেন বলে জানান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী মো. আলাল উদ্দিন আলাল।
তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের কারণে এক বছরের কোর্স তিন বছর লেগে যাচ্ছে। আবার কোনো একটি বিষয়ে পরীক্ষা খারাপ হলে পরবর্তী পরীক্ষার সময় নতুন করে প্রতিটি বিষয়ে পরীক্ষা দিতে হচ্ছে। ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।”
দাবি পূরণ না হলে বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে জাহিদ হাসান জানান।
