পাবনায় ছুরিকাঘাতে একজন নিহত
পাবনার সাথিয়ায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
নিহত আবু সাঈদ (৪০) নন্দনপুর ইউনিয়নের প্রয়াত ওয়াহেদ আলীর ছেলে। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জামায়াতের নেতারা।
সাথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ জানান, বুধবার রাত ৮টার দিকে নন্দনপুর বাজারে সাঈদের সঙ্গে কয়েকজন যুবকের রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
সাথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আকমল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাঈদ তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। একটি মামলায় পাবনা ও গাইবান্ধার কারাগারে আটক থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।
ক্ষমতাসীন দলের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেন জামায়াতের স্থানীয় এই নেতা।
এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।
