নোয়াখালীতে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবদলের এক কর্মী খুন হয়েছেন।
নিহত আব্দুল মতিন (৩০) আলাইয়ারপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।
একাব্বতপুর গ্রামে বুধবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মতিন। এ সময় মুখোশধারী একদল দুর্বত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়।
মতিনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি।
