২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে ‘পিকেটার’ আটকের পর ধস্তাধস্তিতে পুলিশ আহত

জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে পিকেটার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার সকালে কিশোর রাকিবকে (১৫) আটকের সময় এলাকাবাসীর সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন তিন পুলিশ সদস্য।

খিলগাঁও থানার ওসি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকেটার সন্দেহে রাকিবকে আটকের সময় সঙ্গীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত হন রাকিবের বাবা মোখসেদ আলী।

প্রাথমিক চিকিৎসার পর তাকেও পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে আটক করা হয়।

স্থানীয়দের হামলায় খিলগাঁও থানার দুই এসআই সাদেক মিয়া, মো. মহীউদ্দিন ও কনস্টেবল রুহুল আমিন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

তবে রাকিবের বাবা অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় পুলিশ তাদেরকে আটক করেছে।

ফল ব্যবসায়ী মোখসেদ আলী হাসপাতালে সাংবাদিকদের বলেন, “পুলিশকে চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার ওপর ওপর গুলি চালায়। স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ওপরও চড়াও হয়।”

তবে চাঁদা চাওয়া অভিযোগটি অস্বীকার করেছেন খিলগাঁও থানার ওসি।