হরতালবিরোধী মিছিল হবে শাহবাগে
জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ডাকা হরতাল প্রতিরোধে মিছিল করবে গণজাগরণ মঞ্চ।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্প্যাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বৃহস্পতিবার জামায়াতের হরতাল প্রতিরোধের আহ্বানে সকাল ১১টায় শাহবাগ থেকে মিছিল বের হবে।
মুজাহিদের রায়কে কেন্দ্র করে বুধবার দিনভর শাহবাগে অবস্থান ছিল গণজাগরণ মঞ্চের। বুধবার রাত ১০টা পর্যন্ত অবস্থান চলবে বলে জানান বাপ্পা।
বৃহস্পতিবার মিছিলের পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানান তিনি।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে অবস্থান শুরু করে তরুণ যুবারা। পরে এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পরে।
গত ২১ ফেব্রুয়ারি টানা অবস্থানের সমাপ্তি টানা হলেও জামায়াতের ডাকা হরতাল এবং ট্রাইব্যুনালে যে কোনো রায়ের দিন শাহবাগে অবস্থান করে আসছে মঞ্চের কর্মীরা।
