বরিশালে শিবিরের ভাংচুর
বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বরিশালে যানবাহনে ভাংচুর চালিয়েছে শিবিরকর্মীরা।
বুধবার বিকেল সাড়ে ৫টায় নগরীর সাগরদি চান্দুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, সাগরদী মাদ্রাসার সামনে থেকে শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সেক্রেটারি জহিরউদ্দিন মো. বাবর।
মিছিল থেকে একটি ট্রাক, ৩টি অটোরিকশা ও ২টি টেম্পু ভাংচুর করতে দেখেছেন আইয়ুব আলী।
এ সময় তারা সড়কে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগও করে।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। শিবিরকর্মীরা ইট নিক্ষেপ করায় দুটি টেম্পুর গ্লাস ভেঙ্গে গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর এ হরতালের ডাক দেয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ের বিরোধিতায় গত সোমবার থেকে টানা হরতাল করে আসছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।
