২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পায়ে দাঁড়িয়ে টাইগার পাসের বাঘটি

বন্দর নগরীর গুরুত্বপূর্ণ স্থান টাইগার পাসের বাঘের ভাস্কর্যটি ভাংচুরের দুই দিনেও এর সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

অবশ্য নগর কর্তপক্ষ বলছে, ভেঙে ফেলা এই ভাস্কর্যটি দ্রুত মেরামতের নির্দেশ দেয়া হয়েছে।

নগরবাসীর কাছে দৃষ্টিনন্দন এই বাঘের ভাস্কর্যের পেছনের ডান পা টি সোমবার সকালে মাটিতে পড়া অবস্থায় পাওয়া যায়। ফাটল দেখা দেয় বাঘটির দেহের মধ্যবর্তী অংশেও। সেই সঙ্গে ক্ষতি করা হয় ভাস্কর্যটির নিরাপত্তা বেষ্টনীও।

২০১১ সালের মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের আগে নগরের সৌন্দর্য বর্ধনের জন্য টাইগার পাস মোড়ে বড় আকারের বাঘের ভাস্কর্যটি স্থাপন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

একই সময় বাটালি হিলের পাদদেশে সড়কের উভয় পাশে আরো দুটি বাঘের ভাস্কর্য স্থাপন করা হয়।

ভাস্কর্যটি কারা ভেঙেছে, সে বিষয়ে কেউ কোনো ধারণা দিতে পারেনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) উত্তম কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টায় ওই ট্রাফিক বক্সে কর্তব্যরতদের দায়িত্ব শেষ হয়। সম্ভবত এরপর ভাঙার ঘটনাটি ঘটে।”

ভাস্কর্যটির বিপরীত পাশেই টাইগার পাস ট্রাফিক বক্স। ওই এলাকার ভাসমান দোকানিদের সঙ্গে কথা বলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান ও নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাস্কর্যটি নগরবাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। যারাই ভেঙেছে তারা বিকৃত মানসিকতার লোক।”

পরিকল্পনা করেই ভাস্কর্যটি ভাঙা হয়েছে বলে মনে করেন তিনি।

নজরদারির অভাব থাকায় এটি ভাঙা সম্ভব হয়েছে অভিযোগ করে প্রকৌশলী দেলোয়ার দ্রুত ভাস্কর্যটি সংস্কারের দাবি করেন।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কে বা কারা বাঘটি ভেঙেছে সে বিষয়ে তদন্ত করতে প্রকৌশল বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

ভাঙা অংশ দ্রুত মেরামতেরও নির্দেশও দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে বুধবার দুপুর পর্যন্ত মেরামতের কোনো কাজ শুরু হতে দেখা যায়নি।