সর্বোচ্চ শাস্তির দাবিতে ট্রাইব্যুনালের বাইরে মুক্তিযোদ্ধারা
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার রায় চলাকালে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে ট্রাইব্যুনালের বাইরে মিছিল করছে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানান, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা মুজাহিদের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন।
হেলাল মোর্শেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মুজাহিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ব্যক্তিগতভাবে তার অপরাধ গোলাম আযমের চেয়েও বেশি। এর আগের রায়ে যেমন গোলাম আযমের বয়সের বিষয়টি দেখা হয়েছে এই রায়ে তার অবকাশ নাই। তাই আমরা আশা করছি তার সর্বোচ্চ শাস্তিই হবে।”
তিনি বলেন, “এর আগের রায়ে আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আশা করছি এই রায়ে তেমটি হবে না।”
মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের বিরুদ্ধে।
সকাল ১০টা ৪০ মিনিটে এই জামায়াত নেতাকে কাঠগড়ায় তোলা হয়। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং অপর দুই বিচারক মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম এজলাসে উপস্থিত হন ১০টা ৪৮ মিনিটে। এর কিছুক্ষণের মধ্যেই তারা রায় ঘোষণা শুরু করেন।
রায়ের জন্য মুজাহিদকে মঙ্গলবারই নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
