পান্থপথে গাড়ি ভাংচুরে জামায়াত
গোলাম আযমের রায়ের বিরুদ্ধে হরতালে রাজধানীর পান্থপথ এবং ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবিরকর্মীরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পান্থপথে স্কয়ার হাসপাতালের পাশে ঢাকা ট্রিবিউনের গাড়িও ভাংচুর করা হয় বলে ইংরেজি দৈনিকটির সাংবাদিকরা জানিয়েছেন।
ঢাকা ট্রিবিউনের প্রধান আলোকচিত্র সাংবাদিক সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ কিছু যুবক লাঠি-সোঁটা নিয়ে রাস্তায় নেমে গাড়ি ভাংচুর শুরু করে।
ট্রিবিউন কার্যালয়ের নিচে রাখা চারটি আটোরিকশা ও দুটি প্রাইভেটকার ভাংচুর হয়। একটি অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টাও হয় বলে জানান সাংবাদিক জাকির।
ভাংচুরের সময় ওই এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়।
একই সময়ে ২৭ নম্বর সড়কেও কয়েকটি গাড়ি ভাংচুর হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ধানমণ্ডি থানার পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন (পেট্রোল) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেই ভাংচুরকারীরা পালিয়ে যায়।
গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ডের আদেশ হওয়ার পর মঙ্গলবার হরতাল ডাকে জামায়াত। হরতালে বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবিরকর্মীরা।
এদিকে বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের মামলার রায় দেবে। ওই দিনও হরতাল ডেকেছে জামায়াত।
