নোয়াখালীতে বোমা বিস্ফোরণে শিশু আহত
হাতবোমা বিস্ফারণে নোয়াখালীতে এক শিশু আহত হয়েছে।
এছাড়া মঙ্গলবার হরতাল চলাকালে এবং আগের রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
নোয়াখালী রেল স্টেশনের কাছে বিস্ফোরণে আহত বাদলকে (১৩) পুলিশ পহারায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সকাল ৬টার দিকে কয়েকজন যুবক তাকে হাতবোমাটি দিয়েছিল ফাটানোর জন্য।
পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, হরতালের আগের রাতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১২ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
তিনি বলেন, চাটখিলের হালিমা দীঘির পাড়ে শিবিরকর্মীরা পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় ছয় রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঘটনাস্থল থেকে শিবিরের চার কর্মীকে আটক করা হয়েছে।
