২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতায় রেল ও সওজের ক্ষতি সাড়ে ২৫ কোটি টাকা

বিরোধী দলের হরতাল ও সহিংসতায় ছয় মাসে রেলওয়ে এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সাড়ে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুই মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 09:33 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তারা এ তথ তুলে ধরেন।

চট্টগ্রাম-৩ আসনের সরকার দলীয় সাংসদ এ বি এম আবুল কাসেম রেলমন্ত্রীর কাছে জানতে চান, জামায়াত-বিএনপি ও হেফাজতের আন্দোলনে রেলওয়ের কী পরিমাণ ক্ষতি হয়েছে।

তারকাচিহ্নিত এ প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিরোধী দলের সহিংসতার কারণে রেলওয়ের ২৪ কোটি ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ৬৭টি মামলা হয়েছে। মামলায় ২১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের মামলার রায় আসা শুরু হলে সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু করে দলটির নেতাকর্মীরা। বিএনপিসহ ১৮ দলীয় শরিকরাও তাদের হরতাল ও অন্যান্য কর্মসূচিতে সমর্থন দেয়। 

কুমিল্লা-৮ আসনের নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এ বছর বিএনপি-জামায়াতের হরতাল ও তাণ্ডবে  সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা।

এই সময়ে কেবল মহাসড়কের পাশেই ৭০২টি গাছ কেটে ফেলা হয়েছে,  যার আনুমানিক মূল্য ৩১ লাখ ২৬ হাজার টাকা বলে মন্ত্রী জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে এ পর্যন্ত দেশে ছোট, বড় ও মাঝারি ৪৫০টি সেতু এবং ১ হাজার ৯০২টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।

ঢাকা উড়াল সেতু অগাস্টে

গাজীপুর-৩ আসনের মো. রহমত আলীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতির কাজ চলছে। এ জন্য ৬ দশমিক ৮৭৭ একর ভূমি অধিগ্রহণের টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেয়া হয়েছে।

ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু আপত্তি আসার কথা জানিয়ে কাদের বলেন, “এজন্য গত বছরের ১৭ মে ঘনবসতিপূর্ণ এলাকা যথাসম্ভব পরিহার করতে নকশা সংশোধনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে আগামী অগাস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু করে পরবর্তী সাড়ে ৩ বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা যায়।”