গাজীপুরে যুবলীগ নেতার হামলায় আহত ৫
গাজীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন নিয়ে স্থানীয় এক যুবলীগ নেতার হামলায় পাঁচ ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে হামলা করেন তরগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
হামলায় আহত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহীনুর আলম রিপনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
হামলার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার উপজেলা শিক্ষা অফিসার বরাবার এ বিষয়ে অভিযোগ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সায়েম মো. তৌহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি পদে শাহীনুর আলম রিপন এবং লুৎফর রহমানের বাবা নুরুল ইসলামসহ পাঁচজন প্রার্থী হন।
সোমবার এই পাঁচজনের সম্মিলিত সিদ্ধান্তে শাহীনুর আলমকে সভাপতি পদে নির্বাচিত করা হলে লুৎফর রহমান অফিস কক্ষে ঢুকে শাহীনুরকে হাতুরি দিয়ে পেটাতে থাকেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে অন্যরাও আহত হন বলে জানান শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে লুৎফুর রহমান বলেন, রিপনের সঙ্গে একটু কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে, এর বেশি কিছুই হয়নি।
