ফাঁসির দাবিতে রাজপথে বিক্ষুব্ধরা
গোলাম আযমের যুদ্ধাপরাধের মামলার রায়ে সর্বোচ্চ শাস্তি না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের যুদ্ধাপরাধ মামলার রায় হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, পাকিস্তানি সেনাদের সহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়ার পাঁচ ধরনের অভিযোগই প্রমাণিত হওয়ায় তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ট্রাইব্যুনালের ফটকে তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হাজার হাজার মানুষ।
বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট
রায় প্রত্যাখ্যান করে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিল শেষে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়।
সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক কবির আহমদ বলেন, প্রাথমিকভাবে ইফতারে পুর্ব পর্যন্ত অবস্থান নেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।
বরিশালে
গোলাম আযমের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের মানুষ।
রায় ঘোষণার আগ থেকেই নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অবস্থান নেয় গনজাগরণ মঞ্চের প্রতিনিধি, সাংস্কৃতিককর্মী ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের মানুষেরা।
দুপুরে রায় ঘোষণার পর রাস্তায় নেমে আসেন তারা।
ময়মনসিংহ
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ ও জাসদ।
দুপুরে রায় ঘোষণার পর পরই গণজাগরণ মঞ্চ রেলওয়ে কৃষ্ণচূঁড়া চত্ত্বর থেকে এবং জেলা জাসদ আঠারবাড়ি বিল্ডিং দলীয় কার্যালয় থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল দুটি শহর প্রদক্ষিণ শেষে গাঙিনারপাড় ট্রাফিক মোড়ে এসে সমাবেশ করে।
নোয়াখালী
গোলাম আযমের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে গণজাগরণ মঞ্চ।
দুপুরে টাউন হল মোড়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কবিতা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।
বক্তারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা গোলাম আজমের ফাঁসির দাবি জানান।
এদিকে জেলার বাণিজ্যিক শহর চৌমুহনীতে হরতালবিরোধী পতাকা মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চাঁদপুর
চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি, সহ-সভাপতি শাওন, আনোয়ার হোসেন প্রমুখ।
