ফরিদপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
ফরিদপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
সোমবার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের জয়দেবপুর গ্রাম থেকে শারমীন আক্তারের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর থেকে শারমীনের স্বামী জিয়া ফকির (৩০) ও তার পরিবার পলাতক।
তাদের দেড় বছর বয়সী একটি ছেলে আছে।
নিহতের বড় চাচা ফজলুল করিম অভিযোগ করেন, “বিয়ের পর থেকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন শারমীনকে নির্যাতন করত। বেলা ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে শারমীনের অসুস্থতার খবর পেয়ে গিয়ে দেখি বাড়িতে লাশ পড়ে রয়েছে। কেউ বাড়িতে নেই।”
তিনি দাবি করেন, শ্বাসরোধে হত্যার পর বাড়ি থেকে সকলে পালিয়ে গেছে।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
তিনি বলেন, শারমীনের গলায় একটি আঘাতের চিহ্ন ছাড়া শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
