হরতাল ডেকেছে জামায়াত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমের রায়ের পর তার মুক্তি দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
এতে বলা হয়, প্রসিকিউশন তার বিরুদ্ধে আনীত ৬১টি অভিযোগের একটিও প্রমাণ করতে পারেনি। এটা রাষ্ট্রপক্ষের চরম ব্যর্থতা। রায়ে জামায়াত সম্পর্কে বক্তব্য প্রদান সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, অনভিপ্রেত ও বেআইনি। এর থেকেই প্রমাণিত হয়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ইচ্ছা বাস্তবায়নের জন্য এ রায় প্রদান করা হয়েছে।
গোলাম আযমের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ৯০ বছর কারাদণ্ড দেয়া হয়।
জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম আযমের বিরুদ্ধে তোলা অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় পড়ে না বলে দাবি করা হয়।
