২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিবিরের তাণ্ডব

হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরীতে হাতবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 04:14 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

রোববার সন্ধ্যায় নগরীর বেশ কয়েকটি স্থানে হাতবোমা বিষ্ফোরণ এবং অন্তত ৫টি যানবাহন ভাংচুর করে তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামায়াত-শিবির নেতাকর্মীরা নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা তিনটি গাড়ি ভাংচুর করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।

এছাড়া রাত পৌনে আটটার দিকে মহানগরীর অক্টের মোড় এলাকায় মিছিল থেকে একটি পিকআপ ভ্যান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাংচুর করে শিবিরকর্মীরা।

এর পর পরই শিবিরকর্মীরা মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে জড়ো হয়ে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান বোয়ালিয়া মডেল থাকার ওসি জিয়াউর রহমান জিয়া।

তিনি জানান, পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।