২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডারবাজি: নিহতের মায়ের মামলা

চট্টগ্রামে রেলওয়ের দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলিতে নিহত সাজু পালিতের মা ২১ দিন পর আদালতে মামলা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

রোববার দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে মিনতি পালিত বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাটি করেন।

সাজু পালিতের ভাই উৎপল পালিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় অজিত বিশ্বাস ও পিন্টুসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, “আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের করা আগের মামলার সঙ্গে এই মামলার কার্যক্রম পরিচালনার আদেশ দিয়েছেন।”

গত ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি ভবনের সামনে সাত রাস্তার মাথা এলাকায় রেলের টেন্ডার নিয়ে বিরোধের সূত্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষ।

গুলিতে শিশু আরমান হোসেন ও যুবলীগকর্মী সাজু পালিত নিহত হন।

এই ঘটনার পর সাজুর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, ঘটনার দিন সকালে অজিত বিশ্বাস বাসা থেকে সাজু পালিতকে ডেকে নিয়ে যায়।

এই ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদি হয়ে ৮৭ জনকে আসামি করে একটি মামলা করেন।

ওই মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল আলম লিমন ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরসহ ৫৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কয়েক দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদও করা হয়।

ছাত্রলীগনেতা লিমন ও যুবলীগের কেন্দ্রীয় সদস্যকে ঘটনার পর সংগঠন থেকে বহিষ্কারও করা হয়।

পুরনো খবর:

টেন্ডার নিয়ে গোলাগুলিতে প্রাণ গেল শিশুসহ দুজনের